• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | কবিতা
    Share
  • শব্দের অধিক : পরমার্থ বন্দ্যোপাধ্যায়

    শাল বীজ ডানা মেলে উড়ে চলে গেলে
    বর্ষা পাহাড়ের মাথা ছুঁয়ে নামে মেঘ
    খইয়ের মতো ফুটে ওঠা বৃষ্টিফোঁটা
    গারো যুবকের বুকের পাঁজর জুড়ে
    ভালবাসা বুনে দেয় ফসলের মাঠে
    পাথরের খাঁজে ভাষা পায় জুম চাষ
    সিমসাং নদী থেকে মহাশোল ধরে
    গারো যুবতীরা দল বেঁধে ঘরে ফেরে

    নৈঋতে প্রত্যাশা জমে ঘন হয়ে আসে
    রহস্য অপার, কথা নয়, যদি চোখ
    ছুঁয়ে যায় চোখে, ম্যাজিক ল্যাম্পের আলো
    চিচিংফাঁকের মন্ত্রে ঠিক খুলে দেবে
    তুতেনখামেনের সমাধি পিরামিডে,
    রাজা সলোমনের হিরের খনি; কিম্বা
    ট্রেজার আইল্যান্ডের গুপ্তধন রাশি।
    যদি চোখ খুঁজে নেয় চোখ, প্রত‍্যাশিত।

    বাবুই পাখির বাসার জোনাকি, আলো
    দেয় গারো সংসারে; রাত গাঢ় হয়।
    ওই ঘরে সন্তানের চিহ্ন লেগে আছে।
    ভালবাসা, ছুঁয়ে থাকা; শব্দের অধিক।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments