• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | কবিতা
    Share
  • আলোচনাসভা : কালীকৃষ্ণ গুহ



    তুমি যে কাব্যনাটক লেখার কথা ভাবছ
    তা হবে বন্ধুদের একটা
    মিলনোৎসব।

    সেখানে অবশ্য নাটকীয় ওঠা-পড়া
    বা সংঘাত কিছু থাকবে না।
    শুধু বিরতি আর নৈঃশব্দ্য থাকবে।

    সবাই পুরোনো বন্ধু।
    অনেকেই আশি বছরের কাছাকাছি।
    কেউ কেউ অশীতিপর।

    বহু পুরোনো প্রসঙ্গ নিয়ে কথা হবে।
    যৌবনের কথা
    প্রৌঢ়ত্বের কঠিন-সহজ দিনগুলির কথা
    বার্ধক্যের ভয় আর সাহসের কথা।

    সভা ভেঙে গেলে
    পরে কখনো
    কেউ একজন তোমাকে জানাবে—

    যারা এসেছিল
    তারা কেউই আর পৃথিবীতে নেই...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments