• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • দু'টি গজল : ফৈজ আহমেদ ফৈজ
    translated from Urdu to Bengali by রঞ্জন রায়

    ১
    দুই ভুবনই অবশেষে তোমার প্রেমে হার মেনে,
    যাচ্ছে চলে, ফিরল যেন দুঃখরাতের পার জেনে।
    পানশালাতে ঝুলছে তালা,  শূন্য ভাণ্ড, শূন্য প্যালা,
    তোমায় হারা বসন্ত আজ রুক্ষ গোঁয়ার নাম কেনে।

    একটু পাপের মৌকা পেলাম তাও ফুরলো চার দিনে!
    এইটুকুনি সাহস খোদার! আজ গিয়েছি সার জেনে।
    অবহেলার থেকেও প্রবল দিনযাপনের যন্ত্রণা,
    সেই জ্বালাতে জ্বলতে জ্বলতে তোমায় ভুলি আনমনে।

    ভুল করে সই, মুচকি হেসে ছুঁড়লো যে তির আজকে ফৈজ,
    উঠল যে ঢেউ অবুঝ বুকে সংখ্যাটি তার কে গোনে!


    ২
    তোমায় চেয়েছি -- এটাই আমার অপরাধ, তুমি বলতে চাও?
    ও যে গালি নয়, করুণা তোমার!—সে’কথা আজকে মেনে নিলাম।
    হৃদয় আমার প্রেমে অসফল, তা হোক এখনও হতাশ নয়,
    দুঃখের রাত কাটতে চায় না, তবু রাত কাটে—মেনে নিলাম।
    কর উপহাস, কর অপমান—জানি সেটা কোন পাপ তো নয়,
    ব্যর্থ প্রেমের এটুকু প্রাপ্য —সে’কথা আজকে মেনে নিলাম।
    আকাশের হাত লেখে না ভাগ্য, গুনতে পারে না ভবিষ্যৎ,
    ওই হাতে ঘোরে কালের চক্র, সে’কথা আজকে মেনে নিলাম।

    জানি একদিন দিনশেষে ফিরে করবে এদিকে দৃষ্টিপাত,
    আকাশে ছড়ানো তার হাসিমুখ দেখবে আমায় —মেনে নিলাম।
    শিশিরে ভিজেছে কোমল এ’রাত -- এবার গজল শুরু কর,
    এ’গান তোমার যন্ত্রণা ফৈজ,- অনেক ব্যথার, মেনে নিলাম।।


    [ফৈজকে অনুবাদে ধরা বেশ কঠিন। রবীন্দ্রনাথের কবিতায় যেমন প্রেম ও ঈশ্বর মিলেমিশে যান, তেমনই ফৈজের রচনায় প্রেমিকা হয়ে যায় দেশ ও বিপ্লবের মেটাফর। নজরুলের মতই ওঁর রচনায় ধর্মীয় অনুষঙ্গ আসলে ন্যায় ও জনতার মেটাফর। এছাড়া এঁর রচনায় রয়েছে গীতিময়তা ও এক অন্তর্লীন বিষাদ। তাঁর কবিতা গেয়েছেন নুরজাহান, ইকবাল বানোর মত প্রতিষ্ঠিত গায়িকারা।

    ১৪ই অগাস্ট, ১৯৪৭ সালে যখন পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয় তখন উনি জেলে বন্দী। সেখানে বসে লিখলেন কবিতা—এ কোন ভোর? এর জন্যে কি এতদিন অপেক্ষায় ছিলাম? বর্তমান অনুবাদ তাঁর ‘নকশে- ফরিয়াদী’ গজল সংগ্রহ থেকে]
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments