• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • দু'টি কবিতা: আমাদের কথা; সমুদ্রকন্যা : স্বপন ভট্টাচার্য

    আমাদের কথা

        এত যে কথা বলি
    বিছানা বালিশ সব পাশে বসে শোনে।
    রচনাবলীর আড়ালে বাস করে টিকটিকি দম্পতি আর
    ঘুলঘুলিতে বাসা বেঁধে দুখানা শালিখ।
    রাতে এসে ঘুরে যায় নক্ষত্র লুব্ধক।
    তারা সেই কথাগুলি শোনে। আলো নেভা ঘরে
    ঠান্ডা টেবিল ল্যাম্প শৃগালের মত সব শোনে।
        আমাদের কথা।

    গৃহ কিছু অবিন্যস্ত লাগে
    অন্ধকার গোপনচারীর মত লাগে ক্যামুফ্লেজে।

    আলো জ্বললেই মাফলারে ঢেকে ফেলি মুখ।
    আলো এক শব্দভেদী বান। চোখ বন্ধ কর।


    সমুদ্রকন্যা

    খানিক বৃষ্টির পরে
    আকাশ ভরেছে এক অদ্ভুত আলোয়
    পৃথিবীর গর্ভ থেকে জন্ম নিচ্ছে
    সমুদ্র সন্তান।
        দেখতে পাই
    ক্যাসুয়ারিনা বা নারিকেল গাছের সারি
    তীরভূমি আড়াল করেছে
    বেজায় ব্যস্ত তারা। ঘন ঘন মাথা নেড়ে
        কৌতূহলী ধাত্রীমায়েরা
    সমুদ্রযোনি থেকে বার করে আনছে
    সেই জ্যোতির্ময় শিশু।
        আমার সামান্য ঘর
    আকাশ ভরেছে এক অদ্ভুত আলোয়,
    প্রতিবেশী ছাদে ধীরে ধীরে ফুটে উঠছে
    তোমার হারানো সিল্যুয়েট।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments