• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • পতাকা : কালীকৃষ্ণ গুহ



    ঘরে থাকতে থাকতে একদিন মনে হয়
    বাইরে বেরিয়ে পড়ি।

    বাইরে বেরিয়ে গেলে দেখি
    ভিড়ের মধ্যে কত বিচিত্র দৃশ্য—

    কত যৌবনের দূত
    স্কুটার চালিয়ে অদৃশ্য পতাকা তুলে দ্রুত
    ছুটে চলেছে

    অলৌকিক শিশুরা দৌড়ে রাস্তা
    পারাপার করছে

    যুবতীরা গত দশকের পর আরও বেশি
    সুন্দরী হয়েছে

    কত জাদুকর আশ্চর্য সব
    খেলা দেখাচ্ছে
    যাদের কেউ দেখতে পাচ্ছে না

    কত মৃত্যুপথযাত্রী আপন মনে খুঁড়িয়ে খুঁড়িয়ে
    এগিয়ে চলেছে
    যাঁরা কেউ কাউকে চেনে না

    সেখানে আকাশের কোনো প্রান্ত নেই...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments