• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • দুটি কবিতা: মৃত্যু; যাই : অরণি বসু

    মৃত্যু

    একটি মৃত্যু, এক ফুঁয়ে
    অনেক প্রশ্নের
    উত্তর নিভিয়ে দিয়ে যায়।

    একটি মৃত্যু, দমকা হাওয়ায়
    এক ঝাঁক নতুন প্রশ্ন
    ছুঁড়ে দিয়ে চলে যায়।

    একটি মৃত্যু, অনেক অসমাপ্ত গল্প।

    একটি জীবন, বেরিলি বাজারের সেই ঝুমকা,
    হারিয়ে গেলে আর পাওয়া যায় না।

    যাই

    পুড়তে পুড়তে তোমার কাছে আসি—
    এসে দেখি গলির পাশে অন্ধ আরেক গলি।
    কেমন করে বলি কি বলতে চেয়েছিলাম,
    কেমন করে রাখি পদ্মপাতায় প্রণাম।

    পুড়তে পুড়তে বন শেষ হয়ে যায়,
    পুড়তে পুড়তে মন।
    তবু আরও কিছুক্ষণ
    যদি তোমার স্পর্শ পেতাম!
    খেলাধুলো অনেক হল, বাজছে ট্রেনের বাঁশি।

    উড়তে উড়তে তোমার কাছে আসি—
    এসে বুঝি গড়িয়ে গেছে জল,
    শাঁখ বেজেছে অনেক আগেই
    এখন শুধুই তারার কোলাহল।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments